সীতাকুণ্ডে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, ১৫ দিনে ৭ মৃত্যু; ‘হটস্পট’ ঘোষণা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু। পরিস্থিতি বিবেচনায় সীতাকুণ্ডকে ডেঙ্গুর ‘হটস্পট’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে উপজেলার সাতটি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় সাত দিনের ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু হয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে।
এক মাসে আক্রান্ত ৫১৭
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ১১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনে সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন শিশু।
এ ছাড়া ২৬ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫১৭ জন। আগের মাসের তুলনায় এ সংখ্যা দ্বিগুণের বেশি।
রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চাপ বেড়েছে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। শয্যা সংকটের কারণে কয়েকজন রোগী হাসপাতালের বারান্দা ও মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন।
সাতটি এলাকা ‘রেড জোন’
চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, জেলার ১৫টি উপজেলার মধ্যে সীতাকুণ্ডকে ডেঙ্গুর প্রধান হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপজেলার সাতটি রেড জোনে বাড়তি নজরদারি রাখা হবে।
তিনি জানান, ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত উপজেলার প্রতিটি এলাকায় একযোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে।
২৪ ঘণ্টা ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা
সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, সীতাকুণ্ডে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। রেড জোনগুলোতে বাড়তি নজরদারির পাশাপাশি ডেঙ্গু রোগীদের দ্রুত শনাক্ত করতে স্থানীয় সরকারি হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে বাড়িঘর ও আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়েছে। ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব স্থান পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া জ্বর হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করার জন্যও সবাইকে আহ্বান জানানো হয়েছে।
-স্বাধীন/এস
সীতাকুণ্ডে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, ১৫ দিনে ৭ মৃত্যু; ‘হটস্পট’ ঘোষণা

