ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৫৫
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৫৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৬৩ হাজার ৬২৭ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৭ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
-স্বাধীন/এমএ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৫৫

