২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৩ জন। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০১ জনের।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকায়, একজন চট্টগ্রামে এবং একজন সিলেটে মারা গেছেন।
এদিকে একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯০ হাজার ৫১০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় আরও ৮৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৩৯২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৪৫১ জন। এরপর সিলেট বিভাগে ১৭৭ জন, রাজশাহীতে ৯৩ জন, চট্টগ্রামে ৮৪ জন, ময়মনসিংহে ৭৯ জন, বরিশালে ৬০ জন, খুলনায় ৪৪ জন এবং রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
-স্বাধীন/এমএ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

