হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫ শিশু।
বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক শিশু।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৬ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৮৮৫ শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৪ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ৯৪১ জন। এ সময়ে নতুন করে ৮৭৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৪৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪৬৯ জনের।
এ সময়ে হাম ও সন্দেহজনক হাম নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।
-স্বাধীন দিগন্ত/ এমএ
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

