ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মৃত্যুর ঘটনা ঘটেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ২৫৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, চলতি সেপ্টেম্বরের ২৮ দিনে ডেঙ্গুতে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।
এ ছাড়া মে মাসে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুইজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
-স্বাধীন/এমএ
ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬

