আসছে বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে
বিশ্বের বিভিন্ন প্রান্তের আকাশপ্রেমীরা আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৮ আগস্ট) ভোর পর্যন্ত একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাবেন। এ সময় পৃথিবীর ছায়া চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে দেবে। গ্রহণের প্রভাবে চাঁদের বড় একটি অংশ লালচে বা তামাটে রঙ ধারণ করতে পারে। খবর আনাদোলু এজেন্সির।
নাসার তথ্য অনুযায়ী, স্থানীয় সময়ের পার্থক্যের কারণে এই চন্দ্রগ্রহণ ২৭ থেকে ২৮ আগস্টের মধ্যে বিভিন্ন অঞ্চলে দেখা যাবে। ২৮ আগস্ট আন্তর্জাতিক সময় ভোর ৪টা ১২ মিনিটের দিকে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল থেকে পুরো গ্রহণটি পর্যবেক্ষণ করা যাবে। ইউরোপ ও আফ্রিকার কিছু এলাকায় চাঁদ ওঠা বা অস্ত যাওয়ার সময় গ্রহণের আংশিক দৃশ্য দেখা যাবে।
এটি পূর্ণ চন্দ্রগ্রহণ নয়। কারণ চাঁদের সামান্য একটি অংশ পৃথিবীর সবচেয়ে ঘন ছায়া বা আমব্রার বাইরে থাকবে। তবে চাঁদের যে অংশটি পৃথিবীর গাঢ় ছায়ার মধ্যে প্রবেশ করবে, সেটি লালচে বা তামাটে আভা ধারণ করতে পারে।
সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় ছড়িয়ে পড়ে ও প্রতিসরিত হয়ে চাঁদের পৃষ্ঠে পৌঁছায়। এই প্রক্রিয়ার ফলেই গ্রহণের সময় চাঁদের ছায়াচ্ছন্ন অংশে লালচে আভা দেখা যায়। এ কারণেই এমন দৃশ্যকে অনেক সময় ‘ব্লাড মুন’ বলা হয়।
চন্দ্রগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি পাঁচ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হবে। তবে গভীর আংশিক গ্রহণের সময়কাল হবে তুলনামূলকভাবে কম। সর্বোচ্চ পর্যায়ে চাঁদের ব্যাসের প্রায় ৯৩ শতাংশ পৃথিবীর আমব্রার মধ্যে অবস্থান করবে বলে জানিয়েছে নাসা ও বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান সূত্র।
এর মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময় আগে, ১২ আগস্ট একটি পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের বিভিন্ন এলাকা থেকে সেই গ্রহণ দেখা গিয়েছিল।
সূর্য, পৃথিবী ও চাঁদের নির্দিষ্ট সরলরৈখিক বিন্যাসের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সাধারণত কাছাকাছি সময়ে জোড়ায় ঘটে।
সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের সময় বিশেষ কোনো চোখের সুরক্ষার প্রয়োজন নেই। দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের গ্রহণ আরও বিস্তারিতভাবে দেখা সম্ভব। আকাশ পরিষ্কার থাকা এবং দিগন্তে কোনো বাধা না থাকলে এই মহাজাগতিক দৃশ্য উপভোগের সুযোগ সবচেয়ে ভালো হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
-স্বাধীন/ এমএ
আসছে বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

