রংপুরে গলাকাটা মরদেহ উদ্ধার
রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোখলেছুর রহমান (৫৫) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২৮ আগস্ট শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাউয়াফান্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
নিহত মোখলেছুর রহমান উপজেলার সদর ইউনিয়নের নবনীদাস এলাকার মৃত হামিদুল রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মোখলেছুর রহমান। রাত ১০টার দিকে কাউয়াফান্দা এলাকার রাস্তায় এক পথচারী এক ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তার চিৎকারে লোকজন এসে পুলিশকে সংবাদ দেন।
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রথমে তাকে শনাক্ত করা না গেলেও পরে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।
আজ ২৯ আগস্ট শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে গত রাতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।
অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে।
-স্বাধীন/এমএ
রংপুরে গলাকাটা মরদেহ উদ্ধার

