ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রকাশঃ Aug 29, 2026 - 19:47
ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকার যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এক বৈঠকে অন্তত ১০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালু, ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ এবং কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে সরিয়ে নেওয়ার উদ্যোগ।
শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন বৈঠকের তথ্য জানান।
বৈঠকে রাজধানীর বর্তমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক থেকে নেওয়া সিদ্ধান্ত ও দেওয়া নির্দেশনাগুলো হলো—
টোল প্লাজায় ইটিসি চালু
ঢাকার এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওয়ের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এ ব্যবস্থা কার্যকর করতে একটি অ্যাপও তৈরি করা হবে। আগামী চার মাসের মধ্যে পুরো কার্যক্রম শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট কমানো
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের যানজট নিরসনে বুয়েটের আগের প্রতিবেদন পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এরপর সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে
রাজধানীর কেন্দ্রীয় এলাকায় গণপরিবহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হবে।
ঝিলমিলে অস্থায়ী বাস টার্মিনাল
স্থায়ী বাস টার্মিনাল নির্মাণে সময় লাগায় এরই মধ্যে অস্থায়ী ব্যবস্থা হিসেবে আগামী চার মাসের মধ্যে কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ
গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ করে এর সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ কাজে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে
রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয়ের আশপাশে পার্কিং ব্যবস্থা
সচিবালয়কেন্দ্রিক যানবাহনের চাপ কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা সম্ভব কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও বিকল্প পার্কিংয়ের স্থান চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অটোরিকশার জন্য পৃথক নীতিমালা
ঢাকা শহরে অটোরিকশা চলাচল আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে পৃথক একটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা
অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ
যানজট নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে বলা হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-স্বাধীন/এমএ
ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর
লোগো
Aug 29, 2026

ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta