সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

প্রকাশঃ Oct 1, 2026 - 15:50
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি সচিব জানান, এসএসসি পরীক্ষা, পবিত্র রমজান এবং বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসসহ দেশের স্থানীয় সামাজিক বাস্তবতাগুলো বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের বিষয়ে একটি সমন্বিত ও বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর ‘ব্যালট’ প্রকল্পের আওতায় নির্বাচন কমিশন সচিবালয়, মাঠপর্যায়ের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ আয়োজনের একটি প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। অপতথ্য, ভুল তথ্য বা ডিসইনফরমেশন এবং বিদ্বেষমূলক বক্তব্য বা হেইট স্পিচ মোকাবিলায় সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানোই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

আখতার আহমেদ আরও জানান, প্রস্তাবিত এই প্রশিক্ষণ কোনো নির্দিষ্ট নির্বাচনকে কেন্দ্র করে নয়। এটি নির্বাচন-সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা বাড়ানোর জন্য একটি স্বাধীন ও ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, প্রশিক্ষণ সংক্রান্ত প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর প্রশিক্ষণের বিষয়বস্তু এবং অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত করা হবে।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন প্রসঙ্গে ইসি সচিব বলেন, গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনের সময়সূচিসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব উঠে এসেছে। নির্বাচনকে গ্রহণযোগ্য করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।


-স্বাধীন/এমএ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
লোগো
Oct 1, 2026

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta