মক্কা জোটে যুক্ত হওয়া নিয়ে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। একই সঙ্গে এই জোটে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে ঢাকা কোনো ঝুঁকি দেখছে না বলেও জানিয়েছেন তিনি।
জোটে যোগ দেওয়ার সম্ভাব্য ঝুঁকি নিয়ে কথা বলতে গিয়ে হুমায়ুন কবির বলেন, “বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।”
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, বাংলাদেশের মক্কা প্যাক্টে যোগদানের বিষয়টি চুক্তির সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। সদস্য দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা চুক্তি বিশ্বের মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে হওয়া এই চুক্তিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। তবে বাংলাদেশ এতে যোগ দেবে কি না, সে সিদ্ধান্তের পর্যায় এখনো আসেনি। বিষয়টি মূলত চুক্তিভুক্ত দেশগুলোর আগ্রহের ওপর নির্ভরশীল।
গত ৭ আগস্ট থেকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে করা প্রতিরক্ষা চুক্তিটি কার্যকর হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে জোটের অন্য সদস্য দেশগুলোর ওপর হামলা হিসেবেও বিবেচনা করা হবে।
খলিলুর রহমান আরও বলেন, চুক্তির তিন সদস্য দেশ বাংলাদেশকে এতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ঢাকা তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। একই সঙ্গে চুক্তিটি ভবিষ্যতে আরও বিস্তৃত হলে সেটিকে মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
এদিকে রোববার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়েও আলোচনা হয়। এ সময় হুমায়ুন কবির জানান, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সংলাপের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
-স্বাধীন/এমএ
মক্কা জোটে যুক্ত হওয়া নিয়ে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

