অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না: ভারতীয় হাইকমিশনার

প্রকাশঃ Sep 1, 2026 - 16:23
অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ-ভারত সম্পর্ককে অতীতের ঘটনাপ্রবাহের মধ্যে আটকে রাখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকবেই। তবে এসব চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। অতীতকে ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। পরে সাক্ষাৎ নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

দীনেশ ত্রিবেদী জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মিলেমিশে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কী ঘটছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না এবং করাও উচিত নয়। জনগণ ও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই জনগণের জন্য কোনটি ভালো, তা সবচেয়ে ভালোভাবে বুঝবে বলেও মন্তব্য করেন তিনি।

দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে ভারতের হাইকমিশনার বলেন, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সবসময়ই গুরুত্বপূর্ণ। দুই দেশের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। তাই জনগণের কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব উভয় দেশেরই রয়েছে।

তিনি বলেন, ‘আমরা বলি, সীমান্তের সঙ্গে আমরা স্বপ্নও ভাগাভাগি করি। সে কারণে প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব আরও বেড়ে যায়। আমরা সমান। কেউ বড় কিংবা ছোট নয়।’

বাংলাদেশ ও ভারতের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, চ্যালেঞ্জ থাকবেই। বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ যেমন বিবেচনায় নিতে হবে, তেমনি ভারতের চ্যালেঞ্জও বুঝতে হবে। এসব বিষয় মাথায় রেখেই দুই দেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

অতীতের সম্পর্ক ও ঘটনাপ্রবাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীত আমরা ভুলতে পারি না, কিন্তু অতীতে আটকে থাকারও কোনো সুযোগ নেই। অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না।’

বৈঠকে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান ভারতের হাইকমিশনার। দুই দেশ কীভাবে মুক্ত বাণিজ্যের দিকে এগিয়ে যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমরা অতীত ভুলতে পারি না। তবে অতীতে আটকে গেলে উন্নয়ন হবে না। কীভাবে দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। চ্যালেঞ্জ থাকবে, কিন্তু এসব বাধা অতিক্রম করেই দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই।’

-স্বাধীন/এমএ

অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না: ভারতীয় হাইকমিশনার
লোগো
Sep 1, 2026

অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না: ভারতীয় হাইকমিশনার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta