রোনালদোর রেকর্ড ছাড়িয়ে মেসির কাতারে রাফিনিয়া
পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে বার্সেলোনার হয়ে অনন্য কীর্তিতে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির পাশে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে একটি গোল করেছেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ফার্মিন লোপেজের ক্রস থেকে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে লা লিগার প্রথম চার ম্যাচেই রাফিনিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। আর তাতেই গড়েছেন বিশেষ এক কীর্তি।
প্রথম চার ম্যাচে ছয় গোল করে রাফিনিয়া পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তিনটি ভিন্ন ক্লাবের হয়ে মৌসুমের প্রথম চার ম্যাচ শেষে পাঁচটি করে গোল করেছিলেন রোনালদো। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান তারকা।
তবে রাফিনিয়ার কীর্তি এখানেই শেষ নয়। প্রথম চার ম্যাচে ছয় গোল করে তিনি জায়গা করে নিয়েছেন বার্সেলোনার সাবেক তারকা লিওনেল মেসির পাশেও। বার্সেলোনার হয়ে দুই মৌসুমে প্রথম চার ম্যাচে ছয়টি করে গোল করেছিলেন মেসি—২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে।
এবার রাফিনিয়ার সামনে আরও বড় কীর্তি গড়ার সুযোগ। বার্সেলোনার হয়ে টানা পাঁচ ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে মাত্র দুই ফুটবলারের। ১৯৫০-৫১ মৌসুমে সিজার রদ্রিগেজ টানা পাঁচ ম্যাচে মোট আট গোল করেছিলেন। আর ২০০৯-১০ মৌসুমে জ্লাতান ইব্রাহিমোভিচ টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি গড়েছিলেন।
আগামী ম্যাচে গোল করতে পারলে সেই তালিকায় রাফিনিয়ার নামও যুক্ত হবে।
-স্বাধীন/ এস
রোনালদোর রেকর্ড ছাড়িয়ে মেসির কাতারে রাফিনিয়া

