আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না: হাইকোর্ট
হাইকোর্টের কোনো রায় বা আদেশের প্রতিবাদে বাস মালিক সমিতি কিংবা সড়ক পরিবহন সমিতির নামে হরতাল, অবরোধ, ধর্মঘট বা কর্মবিরতি ডাকা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সব নির্বাহী ও বিচারিক কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের দেওয়া রায় ও আদেশ মানতে বাধ্য। কোনো রায় বা আদেশে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে তারা আপিলসহ প্রচলিত আইন অনুযায়ী প্রতিকার চাইতে পারবেন। কিন্তু ওই রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি পালনের সুযোগ নেই।
আদালত পর্যবেক্ষণে আরও বলেন, বিচারিক সিদ্ধান্তের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি বিচার বিভাগের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল এবং একই সঙ্গে তা সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক।
রায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল কিংবা ধর্মঘটের ডাক দেওয়া হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১১ সালের আগস্টে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ‘ডিলাক্স পরিবহন’-এর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক ও সম্প্রচারক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি বাসচালককে সাজা দেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ওই রায়ের পর বাস মালিকরা পরিবহন ধর্মঘট ও হরতালের ডাক দেন।
ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিট আবেদন করে।
রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৭ সালের ১ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারির পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট ও হরতাল প্রত্যাহার এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে পরদিনই ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এরপর ওই রুলের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের বেঞ্চ রুলটি অ্যাবসোলিউট ঘোষণা করে এ রায় দেন।
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
তিনি আদালতে বলেন, সুপ্রিম কোর্টের রায় ও নির্দেশনা সংশ্লিষ্ট সবার জন্য পালন করা বাধ্যতামূলক। কোনো রায়ের বিরুদ্ধে আপিল করার আইনি সুযোগ থাকলেও সেই রায়ের প্রতিবাদে ধর্মঘট বা হরতাল আহ্বানের সুযোগ নেই। পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং তাদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।
-স্বাধীন/এমএ
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না: হাইকোর্ট

