প্রধানমন্ত্রীর আশ্বাস
মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে
নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল মঙ্গলবার রাত থেকেই আগের অবস্থায় ফিরে যাবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দেওয়া এ আশ্বাসের কথা জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও ব্যবসায়ী ফজলুল হক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে আগের অবস্থায় ফিরতে পারবেন তারা।
তিনি বলেন, আজকের বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর এটি।
ফজলুল হক জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আগামী দিনগুলোতে বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন বাড়ানোর বিষয়ে একটি সুস্পষ্ট পরিকল্পনা ব্যবসায়ী নেতাদের সামনে তুলে ধরেছেন। চলমান সংকট মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতে শিল্পের সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের জন্য অতিরিক্ত গ্যাস-বিদ্যুতের চাহিদা কীভাবে পূরণ করা হবে, সেই পরিকল্পনাও বৈঠকে উপস্থাপন করা হয়েছে।
তিনি বলেন, পরিকল্পনাটি উপস্থাপনে প্রায় আধা ঘণ্টা সময় লাগে। নির্ধারিত দুই ঘণ্টার বৈঠক শেষ পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে। ব্যবসায়ী নেতারা নিজেদের বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন এবং সেগুলোর সন্তোষজনক উত্তর নিয়েই তারা বৈঠক থেকে বের হয়েছেন।
ব্যবসায়ী নেতারা পরিকল্পনাটি যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে ফজলুল হক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে সরকারের ওপর আস্থা রাখতে চান ব্যবসায়ীরা।
তিনি বলেন, বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিনিধিরা স্বস্তি ও আশ্বাস নিয়ে বের হয়েছেন। তারা সরকারের ওপর আস্থা রাখতে চান এবং চলমান সংকট কাটিয়ে দেশের শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করছেন।
জ্বালানি সংকটের পাশাপাশি বন্দর ও ব্যাংকিং ব্যবস্থাসহ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যাও বৈঠকে তুলে ধরা হয়েছে বলে জানান ফজলুল হক। এসব বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগ ও প্রস্তাব প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, বৈঠক শেষে তারা স্বস্তি নিয়ে ফিরেছেন এবং এই স্বস্তি দীর্ঘদিন বজায় থাকবে—এমন বিশ্বাস ও আশ্বাস নিয়েই তারা ফিরতে চান।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে আগামীকাল থেকেই মিল-কলকারখানায় আগের মতো বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে উন্নতি হবে। এর ফলে ব্যবসায়ীরা স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবেন।
তিনি বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন। আগামীকাল থেকেই মিল-কারখানাগুলোতে আগের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন ব্যবসায়ীরা পেয়েছেন বলেও মন্তব্য করেন মো. আবুল কালাম।
বৈঠকে সরকারের পক্ষে প্রধানমন্ত্রী ছাড়াও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ২০টির বেশি শীর্ষ ব্যবসায়ী সংগঠন, চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।
বৈঠকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফুটওয়্যার লেদার গুডস অ্যান্ড এক্সেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।
-স্বাধীন/এমএ
মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে

