জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম হবে অনলাইনে: উপাচার্য
ডিজিটাল অটোমেশনের মাধ্যমে পেপারলেস ও ক্যাশলেস বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৭ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনলাইনের আওতায় আনার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ইতোমধ্যে ক্যাশলেস করা হয়েছে। কিছু ক্ষেত্রে এখনো নগদ অর্থের ব্যবহার থাকলেও আগামী কিছুদিনের মধ্যে সেটিও পুরোপুরি বন্ধ করা হবে। এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পেপারলেস বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা বর্তমান প্রশাসনের অন্যতম বড় লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে এবং প্রয়োজনীয় তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে। ফলে কোনো প্রিন্ট আউটের প্রয়োজন হবে না।
উপাচার্য আরও বলেন, প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে বিপুল পরিমাণ কাগজ ব্যবহার ও অপচয় হয়। ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের ফলে কাগজের ব্যবহার কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণও হ্রাস করা সম্ভব হবে।
পরীক্ষা ব্যবস্থায় ডিজিটাল অটোমেশনের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, কোনো পরীক্ষা সকাল ১০টায় শুরু হলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন এবং কতজন অনুপস্থিত রয়েছেন, সেই তথ্য পাওয়া যাচ্ছে। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। এর মধ্যে গত সাত মাসেই পরীক্ষা দিয়েছেন ১৬ লাখ শিক্ষার্থী।
ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যেও কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
তিনি জানান, আগামী ১ অক্টোবর অক্সফোর্ড অ্যাসেসমেন্ট অথরিটির একটি প্রতিনিধিদল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থা পর্যালোচনা করতে আসবে। প্রস্তাবিত ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব হলে যেকোনো পাবলিক পরীক্ষার ফল দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-স্বাধীন/এমএ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম হবে অনলাইনে: উপাচার্য

