বাবুগঞ্জে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষিকা নিহত, মহাসড়কে যানজট

প্রকাশঃ Sep 15, 2026 - 16:53
বাবুগঞ্জে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষিকা নিহত, মহাসড়কে যানজট

বরিশালের বাবুগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কায় রাকুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী (ক্বারি) রেহানা বেগম (৪৫) নিহত হয়েছেন। তিনি একই মাদ্রাসার সুপার মাওলানা নাসির উদ্দিনের স্ত্রী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দ্বারিকা-শিকারপুর ব্রিজের ঢালে পশ্চিম রাকুদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, সকালে শিকারপুর ব্রিজের ঢাল এলাকায় মহাসড়ক পার হয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন রেহানা বেগম। এ সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা কোম্পানির ‘আহনাফ পরিবহণ’ নামের একটি বাস দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় রেহানা বেগম ছিটকে সড়কের পাশে পড়ে যান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। খবর পেয়ে মাদ্রাসার শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

পরে আহত অবস্থায় রেহানা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর মাদ্রাসায় পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একপর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

পরে নিরাপদ সড়ক নিশ্চিত করা, দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পুলিশ লাবিবা কোম্পানির কয়েকটি বাস আটক করলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


-স্বাধীন/এস

বাবুগঞ্জে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষিকা নিহত, মহাসড়কে যানজট
লোগো
Sep 15, 2026

বাবুগঞ্জে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষিকা নিহত, মহাসড়কে যানজট

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta