সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

প্রকাশঃ Aug 14, 2026 - 17:39
সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুর্ঘটনায় আহত শ্রমিকদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আমির খসরু বলেন, সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে সরকার থাকবে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে মালিকপক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

মন্ত্রী বলেন, দুর্ঘটনাস্থলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে।

তিনি জানান, ইয়ার্ড মালিকপক্ষ নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। সরকারের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

এ সময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে একে একে আট শ্রমিকের মৃত্যু হয়। আহতদের চমেক হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিহত সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সীতাকুণ্ডের ভাটিয়ারীর সানী জলদাশ (২২), পলাশ জলদাশ (২৭), মুনছুর আলী (৪০), নাসির উদ্দিন (৩৮), জামালপুরের হাবীবুর রহমান, গাইবান্ধার খোকন এবং আব্দুল আমীল রানা।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) পক্ষ থেকেও পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মহসিন।

ইয়ার্ডের মালিক ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে নিহতদের পরিবারকে সরকারি বিধি অনুযায়ী সহায়তার পাশাপাশি অতিরিক্ত সহযোগিতা ও ক্ষতিপূরণ দেওয়া হবে।

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
লোগো
Aug 14, 2026

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta