ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের হোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক, ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) এবং আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা-হালুয়াঘাট রুটের ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্যামলী বাংলা পরিবহনের যাত্রী আব্দুর রাজ্জাক মারা যান। দুর্ঘটনায় আহত হন অন্তত ১০ জন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন জানান, আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
-স্বাধীন/এমএ
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

