কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেফতার
পিরোজপুরের কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্রের লাইসেন্সসহ শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বাড়ির দোতলা ভবনের ছাদে তল্লাশি চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেফতার শাওন ইসলাম অপু শিয়ালকাঠী এলাকার মৃত শাখাওয়াত হোসেন ও মৃত বিউটি আক্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকায় শাওনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তার বাড়ির দোতলা ভবনের ছাদ থেকে ৬৯টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। কার্তুজগুলোর গায়ে ‘Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus’ লেখা রয়েছে।
এ ছাড়া দুটি ওয়াকিটকি, দুটি দেশীয় ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং চামড়ার তৈরি একটি অস্ত্রের কভার জব্দ করা হয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া কার্তুজগুলোর সঙ্গে কোনো আসল অস্ত্র গোপনে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় গ্রেফতার যুবকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
-স্বাধীন/এমএ
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেফতার

