ভেটিংয়ে উঠল পে স্কেলের খসড়া, গেজেট প্রকাশের পথে বড় অগ্রগতি

প্রকাশঃ Sep 17, 2026 - 18:08
ভেটিংয়ে উঠল পে স্কেলের খসড়া, গেজেট প্রকাশের পথে বড় অগ্রগতি

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সব প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হলে শিগগিরই গেজেট প্রকাশ হতে পারে। তবে কোনো ধাপের কাজ বাকি থাকলে গেজেট প্রকাশে আরও কিছুটা সময় লাগতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভেটিংয়ের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করে গেজেট প্রকাশের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, আইন মন্ত্রণালয়ের ভেটিং-সংক্রান্ত প্রায় সব কাজই শেষ হয়েছে। সামান্য কিছু কার্যক্রম বাকি রয়েছে, যা বৃহস্পতিবারের মধ্যেই শেষ করার চেষ্টা চলছে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। নতুন এই বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ বিভাগ জানিয়েছে, দেশের আর্থিক সক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর দ্রুত প্রজ্ঞাপন জারির কথা থাকলেও প্রায় দুই সপ্তাহ পার হয়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে থাকায় উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

গ্রেডভেদে কত বাড়ছে বেতন

এক দশকেরও বেশি সময় পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। এতে বিভিন্ন গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন পে স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হলেও কার্যকর হওয়ার তারিখ পরিবর্তন হবে না। তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে মূল বেতন ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন গত ২২ জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি কর্মচারীদের বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বৃদ্ধির সুপারিশ করা হয়েছিল। পাশাপাশি বৈশাখী ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সংস্কারের প্রস্তাবও দেওয়া হয়।

পরবর্তীতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে সেটি অনুমোদন পায়। অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

এখন আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে গেজেট প্রকাশের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করা হবে। ফলে দীর্ঘ অপেক্ষার পর নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

-স্বাধীন/এমএ

ভেটিংয়ে উঠল পে স্কেলের খসড়া, গেজেট প্রকাশের পথে বড় অগ্রগতি
লোগো
Sep 17, 2026

ভেটিংয়ে উঠল পে স্কেলের খসড়া, গেজেট প্রকাশের পথে বড় অগ্রগতি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta