আমি এখনো জামায়াতের সদস্য: গাজী নজরুল

প্রকাশঃ Sep 18, 2026 - 17:13
আমি এখনো জামায়াতের সদস্য: গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলাম দাবি করেছেন, খাতা-কলমে তিনি এখনো জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে রয়েছেন। তবে তাকে নিয়ে দল কী বলছে, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ নিয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জামায়াতে ইসলামী। তবে এখনো তার এমপি পদ বহাল রয়েছে। ফলে তিনি বর্তমানে কোনো দলের এমপি হিসেবে সংসদে আছেন, নাকি স্বতন্ত্র সংসদ সদস্য তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে গাজী নজরুল ইসলাম বলেন, ‘আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে আল্লাহর রহমতে আমার সদস্যপদ এখনো আছে। খাতা-কলমে সব জায়গায় আমি এখনো জামায়াতের সদস্য হিসেবেই আছি, এটাই আমার যতদূর জানা। আর জামায়াত কী বলছে বা না বলছে, সেটা আমার জানা নেই।’

তবে জামায়াত নেতাদের বক্তব্য এর বিপরীত। তাদের দাবি, বহিষ্কারের পর গাজী নজরুল আর দলের সদস্য নন। তার বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ আসনের এমপি মো. ইজ্জতুল্লাহ বলেন, ‘গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এখন তিনি কী বলছেন, সে বিষয়ে আমার জানা নেই। পার্লামেন্টেও দিয়েছি, কমিশনেও দিয়ে দিয়েছি।’

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা তো তাকে দল থেকে বহিষ্কার করেছি। এরপর স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব জায়গায় চিঠি দেওয়া হয়েছে।’

বর্তমানে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, সে বিষয়ে স্পিকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে। তবে জামায়াতের চিঠি পাওয়ার পরও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেননি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

৭৫ বছর বয়সী গাজী মো. নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে গাজী নজরুলের বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

-স্বাধীন/এমএ

আমি এখনো জামায়াতের সদস্য: গাজী নজরুল
লোগো
Sep 18, 2026

আমি এখনো জামায়াতের সদস্য: গাজী নজরুল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta