ভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে বিআইডব্লিউটিসির তিনটি জাহাজ

প্রকাশঃ Sep 18, 2026 - 20:50
ভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে বিআইডব্লিউটিসির তিনটি জাহাজ

উপকূলীয় ও দুর্গম দ্বীপাঞ্চলের মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) তিনটি যাত্রীবাহী জাহাজকে আধুনিক ভাসমান হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাহাজ তিনটি হলো এমভি মধুমতি, এমভি রূপসা ও এমভি সুগন্ধা। পরিকল্পনা অনুযায়ী, জাহাজগুলোতে আধুনিক চিকিৎসাসেবার প্রয়োজনীয় সরঞ্জাম ও সুযোগ-সুবিধা যুক্ত করা হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার নদীবন্দর সদরঘাটের বাদামতলী বিআইডব্লিউটিসি টার্মিনালে জাহাজগুলো পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শন শেষে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী।

এ ছাড়া বিআইডব্লিউটিসির পরিচালকসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত বলেন, উপকূলীয় ও বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলের মানুষের জন্য দ্রুত উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। সরকারের এই উদ্যোগ দুর্গম ও গ্রামীণ এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ভাসমান হাসপাতাল চালু হলে অত্যাধুনিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরাসরি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানও সরকারের এই সমন্বিত উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, নৌপথকে কাজে লাগিয়ে মানুষের মৌলিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ প্রকল্প একটি অনন্য উদ্যোগ হয়ে উঠবে।

তিনি জানান, জাহাজগুলোকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ-সুবিধা সংযুক্ত করে ভাসমান হাসপাতালে রূপান্তরের জন্য বিআইডব্লিউটিসি কাজ করবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে জাহাজগুলোতে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও বহির্বিভাগসহ হাসপাতালের প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা রাখা হবে।

এর ফলে দুর্যোগের সময় কিংবা স্বাভাবিক পরিস্থিতিতেও নদীবেষ্টিত ও প্রত্যন্ত এলাকার মানুষকে চিকিৎসার জন্য মূল ভূখণ্ডে আসতে হবে না। জাহাজগুলোর মাধ্যমেই তারা উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জাহাজ পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

-স্বাধীন/এমএ

ভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে বিআইডব্লিউটিসির তিনটি জাহাজ
লোগো
Sep 18, 2026

ভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে বিআইডব্লিউটিসির তিনটি জাহাজ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta