অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, সম্পৃক্ততার কথা স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ Sep 20, 2026 - 14:23
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, সম্পৃক্ততার কথা স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে গ্রেফতার চারজন ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মৃত্যুর খবর পাওয়া যায় এবং মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাত্র ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করে পুলিশ।

তিনি জানান, শুরুতে তিনজনকে আটক করা হলেও পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে অপ্রতিম হত্যা মামলায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

গ্রেফতার ব্যক্তিদের বয়স নিয়েও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি। তাদের মধ্যে কয়েকজন কিশোর। এছাড়া দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও একজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক ব্যক্তিদের আচরণ ও কর্মকাণ্ড অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। নিহত অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয় ও বন্ধুত্ব ছিল এবং তারা নিয়মিত একসঙ্গে চলাফেরা ও আড্ডা দিত। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের কয়েকজন অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।

তিনি আরও জানান, অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়েছে। প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে ফোনটি উদ্ধার করা হয়। মামলার প্রয়োজনীয় আরও কিছু আলামতও জব্দ করা হয়েছে, যেগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এখন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার বিষয়েও কার্যক্রম চলছে।

তিনি জানান, পুলিশ দ্রুত তদন্ত এগিয়ে নিচ্ছে। এরই মধ্যে অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মরদেহ দাফনও করা হয়েছে।

অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ দ্রুত চার্জশিট দেবে। এরপর বিচার বিভাগ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেবে। রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও স্বল্প সময়ে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

-স্বাধীন/এমএ

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, সম্পৃক্ততার কথা স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
লোগো
Sep 20, 2026

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, সম্পৃক্ততার কথা স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta