কড়াইল বস্তিতে ডিএনসির অভিযান, মাদকসহ আটক ২

প্রকাশঃ Sep 10, 2026 - 19:56
কড়াইল বস্তিতে ডিএনসির অভিযান, মাদকসহ আটক ২

রাজধানীর কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে দুজনকে আটক করা হলেও অভিযানের মূল লক্ষ্য রাকিব ইসলাম পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বনানী থানার কড়াইল বস্তির এরশাদ মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ গ্রাম হেরোইন, ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আল-আমিন ওরফে সাকিব (২৩) এবং মো. মোজাম্মেল হক (৩২)। ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে একটি দল অভিযানটি পরিচালনা করে।

ডিএনসি জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, এরশাদ মাঠ এলাকায় কালু মিয়ার ভাড়া দেওয়া তিন কক্ষের একটি বাসা থেকে রাকিব ইসলাম ও তার সহযোগীরা মাদক কেনাবেচা করছেন। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে মাদক ও বিক্রির টাকা পাওয়া যায়।

আটক দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকের মালিক রাকিব ইসলাম। তারা তার হয়ে মাদক সংগ্রহ ও বিক্রির কাজে সহযোগিতা করতেন বলে স্বীকার করেছেন।

ডিএনসি সূত্রে আরও জানা গেছে, এর আগে গত ২৯ আগস্ট একই বস্তিতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কবুতর মমিনের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির ৪৩ লাখ টাকা উদ্ধার করা হয়। ওই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। মামলার বাদী হয়েছেন ডিএনসির গুলশান সার্কেলের পরিদর্শক মো. ইমদাদুল হক খাঁন।

ডিএনসি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

-স্বাধীন দিগাস্ত/এস

কড়াইল বস্তিতে ডিএনসির অভিযান, মাদকসহ আটক ২
লোগো
Sep 10, 2026

কড়াইল বস্তিতে ডিএনসির অভিযান, মাদকসহ আটক ২

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta