সুন্দরগঞ্জে ৯ জনকে কামড়ানো শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে

প্রকাশঃ Sep 22, 2026 - 12:19
সুন্দরগঞ্জে ৯ জনকে কামড়ানো শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে

গাইবান্ধার সুন্দরগঞ্জে লোকালয়ে ঢুকে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে কামড়ে আহত করা সেই শিয়ালের মাথা গবেষণাগারে পাঠানো হয়েছে। শিয়ালটির শরীরে জলাতঙ্কের জীবাণু ছিল কিনা, তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম ইফতেখারুল ইসলাম। তিনি জানান, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে শিয়ালের মাথা থেকে নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়েছে।

লোকালয়ে ঢুকে শিয়ালের হামলা

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা ও জিগাবাড়ী এলাকায় হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে শিয়ালটি। এরপর পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর একের পর এক হামলা চালায়।

কিছু বুঝে ওঠার আগেই শিয়ালের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জন আহত হন। পরে স্থানীয়রা শিয়ালটিকে ধরে পিটিয়ে হত্যা করে একটি নির্জন স্থানে ফেলে রাখেন।

আহতরা হলেন—তালুক বেলকা গ্রামের মো. জমশের আলীর স্ত্রী মোছা. নিলি বেগম (৪০), মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সাদেক হোসেন (৭০), মো. আব্দুল হান্নান মিয়ার স্ত্রী মোছা. আফরুজা বেগম (৩৭) এবং মো. শফিউল ইসলামের ছেলে মো. শাওন মিয়া (৬)।

জিগাবাড়ী গ্রামের আহতরা হলেন—মো. মুকুল মিয়ার স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৩৮), তার ছেলে মো. রাকিবুল হাসান (১৩), মো. ইয়াকুব আলীর ছেলে মো. এনামুল হক (২৬), মো. আব্দুল আহাদ আলীর মেয়ে মোছা. আয়শা আক্তার (৩) এবং মো. আব্দুর রহিমের ছেলে মো. হাসান মিয়া (৭)।

আহতদের দেওয়া হয়েছে ভ্যাকসিন

শিয়ালের হামলায় আহত ৯ জন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়।

পরে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানের নেতৃত্বে একটি চিকিৎসক দল তাদের বাড়িতে গিয়ে পরিদর্শন করেন।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ৯ জনকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে নিলি বেগমকে সাড়ে ৭ হাজার টাকা এবং বাকি আটজনকে ৪ হাজার টাকা করে দেওয়া হয়।

শিয়ালের মাথা সংগ্রহ করে পরীক্ষা

শিয়ালটি মারা যাওয়ার পরও জলাতঙ্কের আশঙ্কা নিয়ে উদ্বেগ থেকে যায়। প্রাণিটির শরীরে জলাতঙ্কের জীবাণু ছিল কিনা, তা নিশ্চিত করতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা শিয়ালটির মাথা সংগ্রহ করে নমুনা পরীক্ষার উদ্যোগ নেন।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, শিয়ালটি মেরে ফেলার পর একটি নির্জন স্থানে ফেলে রাখা হয়েছিল। পরে রাতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের লোকজন এসে সেটির মাথা নিয়ে যান। শিয়ালের বাকি অংশ মাটিতে পুঁতে রাখা হয়।

নমুনা সংগ্রহকারী কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় শিয়ালটির সন্ধান পাওয়া যায়। পরে সেটির মাথা কেটে নেওয়া হয় এবং বাকি অংশ মাটিতে পুঁতে রাখা হয়। এ সময় বেলকা ইউনিয়নের ভ্যাকসিনেটর, এআই টেকনিশিয়ান ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম ইফতেখারুল ইসলাম বলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন শিয়ালটির মাথা সংগ্রহ করে নিয়ে আসেন। পরে কাটা মাথা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শিয়ালটির শরীরে জলাতঙ্কের জীবাণু ছিল কিনা, সেটি নিশ্চিত করতেই নমুনা পরীক্ষা করা হচ্ছে। শিয়ালের কামড়ে আহত ৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের কোনো সমস্যা নেই।


-স্বাধীন/এস

সুন্দরগঞ্জে ৯ জনকে কামড়ানো শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে
লোগো
Sep 22, 2026

সুন্দরগঞ্জে ৯ জনকে কামড়ানো শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta