জ্বালানির দাম বৃদ্ধির পর বাড়ল বাস ভাড়া
জ্বালানির মূল্য বৃদ্ধির পর দেশে দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিবহন মালিকদের সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হবে। রাজধানীসহ দেশের অন্যান্য মহানগর ও জেলা পর্যায়েও একই হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাব অনুযায়ী কিলোমিটারপ্রতি ভাড়া ২০ পয়সা বাড়ানোর কথা ছিল। তবে জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, মালিকরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বসে এ বিষয়ে চুক্তি করবেন। মেট্রোপলিটন ও জেলা—সব পর্যায়েই কিলোমিটারপ্রতি ৩ পয়সা কম ভাড়া নেওয়া হবে। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে সোমবার বিআরটিএ যাত্রীবাহী বাসের ভাড়া দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
গত এপ্রিল মাসে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়। সে সময় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। এবার নতুন করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা, আর মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা।
অন্যদিকে, দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক নন-এসি দূরপাল্লার বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। তুলনামূলক বেশি আরামদায়ক এসব বাসে ভাড়াও বেশি নেওয়া হয়। এর সঙ্গে বিভিন্ন সেতু ও সড়কের টোলও যুক্ত হয়।
নতুন করে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে দূরপাল্লা ও নগর পরিবহনের বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হবে।
-স্বাধীন/এস
জ্বালানির দাম বৃদ্ধির পর বাড়ল বাস ভাড়া

