নারী রেফারিকে ‘এটা পুরুষদের খেলা’ মন্তব্য, বরখাস্ত হিগুয়েইন

প্রকাশঃ Sep 23, 2026 - 11:56
নারী রেফারিকে ‘এটা পুরুষদের খেলা’ মন্তব্য, বরখাস্ত হিগুয়েইন

এক নারী রেফারিকে ‘এটা মনে রেখো, এটা পুরুষদের খেলা’ মন্তব্য করা এবং হাত মেলানোর সময় তার হাত ছাড়তে অস্বীকৃতি জানানোর ঘটনায় কলম্বাস ক্রুর রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করেছে ক্লাবটি। মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানায় মেজর লিগ সকারের (এমএলএস) দল কলম্বাস ক্রু।

ফেদেরিকো হিগুয়েইন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড ও রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় গনসালো হিগুয়েইনের ভাই। ঘটনার পর ফেদেরিকোকে লাল কার্ড দেখানো হয়েছিল এবং দুই ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়। এরপর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলম্বাস ক্রু।

ক্লাবটির জেনারেল ম্যানেজার ইসা তাল বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ফেদেরিকো হিগুয়েইনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াই আমাদের ক্লাব, খেলোয়াড় ও সহায়ক স্টাফদের জন্য সবচেয়ে ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘এই সপ্তাহের আলোচনা এবং গত এক মাসের ঘটনাগুলো পর্যালোচনা করার পর আমরা মনে করেছি, আমাদের দলগুলোর একটির নেতৃত্বে থাকা ব্যক্তির কাছ থেকে যে মানদণ্ড প্রত্যাশিত, তিনি তা পূরণ করতে পারেননি।’

এমএলএসের ডেভেলপমেন্ট লিগ এমএলএস নেক্সট প্রো-এর একটি ম্যাচে ঘটনাটি ঘটে। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে ক্লাবের অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পরবর্তী আলোচনায় নিজের আচরণ নিয়ে হিগুয়েইন অনুশোচনা বা দায় স্বীকার করতে অনিচ্ছুক ছিলেন। জনসম্মুখেও তিনি ক্ষমা চাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পেশাদার সকার রেফারি অ্যাসোসিয়েশনের (পিএসআরএ) ভাষ্য অনুযায়ী, হিগুয়েইন ওই নারী কর্মকর্তার বিরুদ্ধে দুটি ইচ্ছাকৃত শারীরিক আচরণ এবং লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করেন। তিনজন তাকে থামতে বলার পরও তিনি ওই কর্মকর্তার হাত চেপে ধরে রাখেন এবং ছাড়েননি বলে অভিযোগ করেছে রেফারিদের সংগঠনটি।

পিএসআরএ বলেছে, ওই শারীরিক আচরণের পাশাপাশি নারী কর্মকর্তাকে উদ্দেশ করে অবমাননাকর ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করা হয়—‘মনে রেখো, এটা পুরুষদের খেলা।’

লিগ কর্তৃপক্ষের দেওয়া প্রাথমিক দুই ম্যাচের নিষেধাজ্ঞাকেও যথেষ্ট নয় বলে সমালোচনা করেছিল রেফারিদের ইউনিয়ন। সংগঠনটি হিগুয়েইনের বিরুদ্ধে অন্তত ছয় ম্যাচের নিষেধাজ্ঞার দাবি জানিয়েছিল।

এক বিবৃতিতে পিএসআরএ বলেছে, নারীরা ফুটবলের প্রতিটি স্তরকে আরও সমৃদ্ধ করে তুলছেন। নিজেদের দক্ষতা প্রমাণ করতে গিয়ে তাদের হুমকি বা অবমাননাকর মন্তব্যের শিকার হওয়া উচিত নয়।

সংগঠনটি আরও জানিয়েছে, নারী কর্মকর্তারা বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন। অন্য কর্মকর্তাদের মতো তাদেরও একই ধরনের সম্মান, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ পাওয়ার অধিকার রয়েছে।

-স্বাধীন/এস

নারী রেফারিকে ‘এটা পুরুষদের খেলা’ মন্তব্য, বরখাস্ত হিগুয়েইন
লোগো
Sep 23, 2026

নারী রেফারিকে ‘এটা পুরুষদের খেলা’ মন্তব্য, বরখাস্ত হিগুয়েইন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta