এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না: প্রতিমন্ত্রী

প্রকাশঃ Sep 23, 2026 - 13:38
এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না: প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করার বিষয়ে সরকারের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে করছেন না তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ইসি যেভাবে কথা বলেছে, তাতে আমার কাছে মনে হচ্ছে না যে এ বছর স্থানীয় সরকার নির্বাচন হবে।’

তিনি জানান, চলতি মাসের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে বৈঠক করে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ইসি।

মীর শাহে আলম বলেন, ‘ইসি আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সময়সীমা দিয়েছে। এতে মনে হচ্ছে, তারা আগামী বছর থেকেই নির্বাচন শুরু করতে চাচ্ছে।’

তবে নির্বাচন কবে শুরু হবে এবং কখন শেষ হবে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, রমজান, এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে পারে ইসি। পাশাপাশি ভোটকেন্দ্র হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

পাঁচ ধরনের নির্বাচনে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ের হিসাব
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য ইসির প্রাথমিক হিসাবে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন মীর শাহে আলম।

এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে।

পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলক কম অর্থের প্রয়োজন হবে বলে জানান তিনি। সম্ভাব্য এই ব্যয়ের কাছাকাছি অর্থ বরাদ্দ দেওয়ার জন্য সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তবে চূড়ান্ত হিসাবের পর ব্যয়ের পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

-স্বাধীন/এমএ

এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না: প্রতিমন্ত্রী
লোগো
Sep 23, 2026

এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না: প্রতিমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta