বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ল
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়বে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সড়ক ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিচালন ব্যয়সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানো সরকারের কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে সর্বনিম্ন ভাড়া যতটা সম্ভব কম রাখার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি ভাড়া বৃদ্ধির সুযোগ নিয়ে কোনো ধরনের নৈরাজ্য বা স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন নৌযান মালিকরা। এ বিষয়ে নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে পাঠানো চিঠিতে তারা যাত্রীপ্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দেন।
চিঠিতে প্রথম ১০০ কিলোমিটারের জন্য বর্তমান ভাড়া ২ টাকা ৯৫ পয়সার পরিবর্তে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ২ টাকা ৫২ পয়সার পরিবর্তে ৪ টাকা ২ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবটি বাস্তবায়ন না হলে জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবিও জানিয়েছিলেন তারা।
এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বাসের ভাড়াও বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে দূরপাল্লার বাস এবং রাজধানীসহ বিভিন্ন শহরের বাসে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি হিসাবে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর কথা থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ভাড়া বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা।
অন্যদিকে দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক নন-এসি বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তারও নিচে নামিয়ে যাত্রীদের জন্য তুলনামূলক আরামদায়ক ব্যবস্থা করা হয়েছে। এসব বাসে ভাড়া কিছুটা বেশি। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত হয়। নতুন করে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর ফলে এখন বাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।
-স্বাধীন/এমএ
বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ল

