ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ২০০ ছাড়াল

প্রকাশঃ Sep 23, 2026 - 18:01
ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ২০০ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬৪ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪০৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৮০ জন, ময়মনসিংহ বিভাগে ১১৩ জন, রাজশাহী বিভাগে ১৫৬ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭ হাজার ৩৬৭ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬২ হাজার ১১৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৫৫৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন।

অন্যদিকে ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল আরও বেশি। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছরে ডেঙ্গুতে প্রাণ হারান এক হাজার ৭০৫ জন।

-স্বাধীন/এমএ

ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ২০০ ছাড়াল
লোগো
Sep 23, 2026

ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ২০০ ছাড়াল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta