ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৩২
দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজন এবং খুলনা বিভাগে পাঁচজন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) সর্বোচ্চ ২৮০ জন রয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৪১ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, বরিশাল বিভাগে ২০৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৪ হাজার ৫৩৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৫৬ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে, ডেঙ্গুতে মৃতদের মধ্যে ৫৩ দশমিক ১ শতাংশ নারী এবং ৪৬ দশমিক ৯ শতাংশ পুরুষ।
-স্বাধীন/এমএ
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৩২

