হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।
একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৫২ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।
এ ছাড়া একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে দেশের বর্তমান হাম পরিস্থিতির এই চিত্র উঠে এসেছে।
-স্বাধীন/এমএ
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

