৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিশেষ এই বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন।
পিএসসি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। প্রার্থীরা ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
২০২৬ সালের ১ সেপ্টেম্বর তারিখে যেসব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে, তারা এ বিশেষ বিসিএসে আবেদন করতে পারবেন। তবে নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি কিংবা অন্য কোনো কারণে শূন্য পদের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে পিএসসি।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড অথবা পিএসসির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
সাধারণ প্রার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। অন্যদিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫০ টাকা। এর সঙ্গে টেলিটকের ভ্যাট ও ডেটা ভেরিফিকেশন বাবদ আরও ৫ টাকা দিতে হবে।
২৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় আবেদন গ্রহণ শেষ হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জনের প্রক্রিয়ায় থাকা প্রার্থীরাও পরীক্ষায় অংশ নিতে আবেদন করতে পারবেন। তবে তাদের সব লিখিত পরীক্ষা ২৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে শেষ হতে হবে।
দেশি বা বিদেশি ডিগ্রির সমমানের সনদ এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
এ ছাড়া সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
৫১তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এর মধ্যে ২০০ নম্বরের লিখিত এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে।
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি এবং আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে থাকবে। মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে থাকবে ১০ নম্বর করে। সংশ্লিষ্ট ক্যাডার বা পদের প্রাসঙ্গিক বিষয়ে থাকবে সর্বোচ্চ ১০০ নম্বর।
প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা হবে।
পিএসসি জানিয়েছে, আগামী নভেম্বরের মধ্যেই লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার কেন্দ্র মূলত ঢাকায় রাখা হবে।
পরীক্ষার শৃঙ্খলা ও প্রার্থিতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বেশ কিছু সতর্কতা দেওয়া হয়েছে। কোনো ধরনের তদবির করলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
এ ছাড়া আবেদনে মিথ্যা তথ্য দেওয়া, জাল সনদ দাখিল করা কিংবা পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল হতে পারে।
এসব অনিয়মের ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে সরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা করার বিধানও রয়েছে বলে জানিয়েছে পিএসসি।
-স্বাধীন/এমএ
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

