নাগাল্যান্ডে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
ভারতের নাগাল্যান্ড রাজ্যে বিষাক্ত বা ভেজাল মদ পানে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে রাজ্যের মোকোচং ও টুয়েনসাং জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গত দুই দিনে মোকোচং জেলায় ৮ জন এবং টুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে।
তদন্তে বিশেষ দল
নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকেই মদ বিক্রি ও পানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও কীভাবে অবৈধ ও ভেজাল মদের বিস্তার ঘটল, তা খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।
সন্দেহজনক মদ পান না করার সতর্কতা
এ ঘটনায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অজানা, লেবেলবিহীন বা সন্দেহজনক অবৈধ মদ পান থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
এ ছাড়া মদ পানের পর কারও মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি
-স্বাধীন/এস
নাগাল্যান্ডে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু

