সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: আটক ২
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ কর্তৃপক্ষ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের গোলাগুলির ঘটনাও ঘটে।
পুলিশকে লক্ষ্য করে গুলি
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে মানিকদী নামাপাড়া এলাকায় অবস্থিত নিউগিনি প্রপার্টিজের ভেতরে অস্ত্রশস্ত্রসহ প্রায় ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তি প্রবেশ করে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালায়।
ঘটনার সময় সেখানে উপস্থিত ব্যক্তিরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে ক্যান্টনমেন্ট থানা পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন) এবং টহল দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে এবং সতর্কতার সঙ্গে ঘটনাস্থলে অগ্রসর হয়। একপর্যায়ে সেখান থেকে দুজনকে আটক করা হয়।
পরে ঘটনাস্থল থেকে চারটি পিস্তলের গুলির খোসা ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩৫ কাঠা জমির দখল-বেদখল নিয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এই বিরোধের জের ধরে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোকজন নিউগিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটক দুজন হলেন—মামুন (৩২) ও আসলাম (২৪)।
এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
-স্বাধীন/এস
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: আটক ২

