তরুণদের দক্ষতা ও নেতৃত্ব কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

প্রকাশঃ Sep 29, 2026 - 19:59
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে তরুণদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, দেশের জন্য কাজ করার বড় সুযোগ তরুণদের সামনে রয়েছে। তাদের সক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘গ্র্যাজুয়েশন সেরিমনি-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ‘এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার।’ তবে এ যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ নয়; এটি একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম।

তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করা তরুণদের অন্যতম বড় দায়িত্ব। এ দায়িত্ব পালনে তরুণদের নিজেদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগাতে হবে।

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করছে। প্রশিক্ষণকে শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম হিসেবে না দেখে দেশ ও মানুষের জন্য বৃহত্তর দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে নিতে হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে তরুণদের আত্মত্যাগ ও অবদান গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণেও তাদের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণ শেষে জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছেন তারা। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের গুণ কাজে লাগাতে হবে।

তিনি বলেন, ‘আপনাদের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে। দেশের জন্য, মানুষের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আপনাদের কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
লোগো
Sep 29, 2026

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta