গত ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশঃ Aug 5, 2026 - 20:14
গত ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার হয়েছে: আইনমন্ত্রী

গত ১৬ বছরের শাসনামলে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গত ১৬ বছরে ৭০০–এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন এবং বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে।

তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের যৌক্তিক পরিণতি। যারা জীবন দিয়েছেন, গুম হয়েছেন কিংবা মিথ্যা মামলার শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগের ধারাবাহিকতার মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে।’

স্বৈরাচারী শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ‘সাড়ে চার হাজারের বেশি মানুষকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। ৭০০–এর বেশি মানুষ গুম হয়েছেন, যাদের স্বজনরা আজও প্রিয়জনের ফেরার অপেক্ষায় আছেন।’

তিনি আরও বলেন, ‘৬০ লাখের বেশি মানুষ মিথ্যা ও গায়েবি মামলার আসামি হয়েছেন। এমন ঘটনাও ঘটেছে, যেখানে বহু আগে মারা যাওয়া ব্যক্তি, হজে থাকা মানুষ কিংবা দুই হাত হারানো প্রতিবন্ধী ব্যক্তির বিরুদ্ধেও বোমা হামলার অভিযোগ আনা হয়েছে।’

সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি জানতে পারেন দেশে আবৃত্তিকে শিল্পের স্বতন্ত্র শাখা হিসেবে কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। পরে আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নৃত্য ও সংগীতের মতো বাংলাদেশের স্বীকৃত শিল্পশাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘আবৃত্তি মানুষকে গণতন্ত্রমুখী, মুক্তচিন্তার এবং মানবিক করে তোলে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও রক্তপাতহীন সমাজ গঠনে আবৃত্তিশিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।’

-স্বাধীন দিগন্ত/ এমএ

গত ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার হয়েছে: আইনমন্ত্রী
লোগো
Aug 5, 2026

গত ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার হয়েছে: আইনমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta