আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার (১৭ আগস্ট) একদিনেই দেশে ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা সমপরিমাণ রেমিট্যান্স এসেছে।
গত বছরের আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার।
অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ২১ দশমিক ৬০ শতাংশ।
-স্বাধীন/ এমএ
আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

