পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১৭ কর্মকর্তা বদলি

প্রকাশঃ Aug 25, 2026 - 20:10
পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১৭ কর্মকর্তা বদলি

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ১৭ কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে র‍্যাব, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন ও রংপুর মহানগর পুলিশে (আরপিএমপি) পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিন প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

এক প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। এছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

এদিকে ২০২৫ সালের ১১ ডিসেম্বরের আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরে বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। একইভাবে গত ৫ মে জারি করা আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার এবং আরপিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেন ও মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে বদলি করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে। এছাড়া সিলেট এসএমপির উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

-স্বাধীন/ এমএ

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১৭ কর্মকর্তা বদলি
লোগো
Aug 25, 2026

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১৭ কর্মকর্তা বদলি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta