রুবেল-সাব্বিরের দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ এইচপি দল। মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিং ও সাব্বির রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে নর্দান টেরিটোরি স্ট্রাইককে ৩ উইকেটে হারিয়েছে ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন দলটি।
টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। ৬ ম্যাচে পাঁচ জয় ও ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ এইচপি। একই সঙ্গে নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট।
মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে নর্দান টেরিটোরি। শুরু থেকেই বাংলাদেশের অফস্পিনার মোহাম্মদ রুবেলের বোলিংয়ের সামনে চাপে পড়ে স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে তারা।
জর্ডান সিল্ক ৩১ রান করে দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন। ম্যাট হ্যামন্ডের ব্যাট থেকে আসে ২৬ রান এবং ক্যালে ম্যাকমোহন করেন ২৫ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ৩০ বছর বয়সী রুবেল। মাত্র ২১ রান খরচ করে তিনি শিকার করেন ৫ উইকেট। এ পারফরম্যান্সের ফলে টুর্নামেন্টে তার মোট উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ২০-তে। ৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে এখন পর্যন্ত বোলিং তালিকার শীর্ষে রয়েছেন তিনি। তার পেছনে থাকা নর্দান টেরিটোরির হামিশ মার্টিনের উইকেট ১১টি।
জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করলেও দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ। আরিফুল হক ১০ এবং হাবিবুর রহমান সোহান ২২ রান করে সাজঘরে ফেরেন। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে দলের ইনিংসের হাল ধরেন সাব্বির রহমান রুম্মন।
এরপর শামীম পাটোয়ারী ১১, অধিনায়ক ইরফান শুক্কুর ১৭ এবং এসএম মেহরব ৮ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন সাব্বির। টানা দ্বিতীয় ফিফটির কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ৩৭ বলে ২ চার ও ১ ছক্কার সাহায্যে ৪৭ রান করে বিদায় নেন তিনি।
সাব্বিরের আউটের পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষদিকে সামিউন বশিরের ঝোড়ো ১৭ রান এবং আব্দুল গাফফার সাকলাইনের গুরুত্বপূর্ণ বাউন্ডারিতে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ এইচপি।
শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।
সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা বাংলাদেশ এইচপি আগামী ৩০ আগস্ট সকালে একই ভেন্যু মারারা ক্রিকেট গ্রাউন্ডে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে।
-স্বাধীন/ এমএ
রুবেল-সাব্বিরের দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে বাংলাদেশ

