মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, প্রথম দফায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী
দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর এবং দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর এ সম্ভাবনার দ্বার খুলেছে।
শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ ‘জিরো কস্টে’ নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিমান ভাড়াসহ অভিবাসন সংক্রান্ত সব খরচ ছাড়াই প্রথম দফার এসব কর্মী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় যাবেন।
২০২২ সালের সমঝোতা স্মারক অনুযায়ী কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি বাছাইয়ের একক ক্ষমতা মালয়েশিয়া সরকারের হাতে থাকায় বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করেছে।
মালয়েশিয়ার উচ্চপর্যায়ের যৌথ কমিটির যাচাই-বাছাই শেষে মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি ও সাব-এজেন্সিকে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে মালয়েশিয়ার মন্ত্রিসভা অনুমোদিত ২৫টি মূল রিক্রুটিং এজেন্সি এবং একটি সরকারি এজেন্সি রয়েছে।
বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগে অন্তর্বর্তী সরকারের ৪২৩টি এজেন্সির তালিকা থেকে বিতর্কিত প্রতিষ্ঠানগুলো বাদ দেওয়ার পর আরও ৩১২টি এজেন্সিকে সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। বিতর্কিত ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো বাদ দিয়ে প্রাথমিকভাবে অনুমোদিত ১৬টি মেডিক্যাল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। পরবর্তীতে মালয়েশিয়ার তিন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে সরেজমিন পরিদর্শন করার পর মেডিক্যাল সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করা হবে।
এদিকে কর্মীদের নিরাপত্তা, বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
দালাল ও মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতা বন্ধে সতর্ক করেছে মন্ত্রণালয়। সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পর শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা বা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ধরনের আর্থিক লেনদেন না করা, মেডিক্যাল টেস্ট না দেওয়া এবং পাসপোর্ট কারও কাছে জমা না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
-স্বাধীন/ এমএ
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, প্রথম দফায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী

