কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট ফের চালু, কমেছে টিকিটের দাম
কুয়েত-ঢাকা রুটে আজ (২৯ আগস্ট) থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। প্রায় ছয় মাস পর আবারও নিয়মিত ফ্লাইট চালু হওয়ায় প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালু হওয়ায় কুয়েত-বাংলাদেশ রুটে অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দামও কমতে শুরু করেছে। এতে কুয়েতপ্রবাসী বাংলাদেশি যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ।
তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে কুয়েত রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ ছিল। আজ থেকে জাতীয় পতাকাবাহী বিমান আবারও এই রুটে চলাচল শুরু করেছে। প্রবাসীদের বিষয়টি বিবেচনায় নিয়ে তুলনামূলক কম মূল্যে বিভিন্ন ফেয়ার চালু করা হয়েছে। দেশের রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখতে প্রবাসীদের বাংলাদেশ বিমানে যাতায়াতের আহ্বান জানান তিনি।
কুয়েতে বাংলাদেশি জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রবাসী শহিদ সারোয়ার বলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হওয়ায় কুয়েত এয়ারওয়েজ, জাজিরাসহ অন্যান্য এয়ারলাইন্সও টিকিটের ভাড়া কমিয়েছে। বাংলাদেশ বিমানের ভাড়া তুলনামূলক কম এবং ব্যাগেজ সুবিধাও ভালো। বিমান সময়মতো ফ্লাইট পরিচালনা করতে পারলে যাত্রীসংখ্যা আরও বাড়বে বলে তিনি মনে করেন।
বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় কুয়েতপ্রবাসীদের জন্য দেশে ফেরার সরাসরি সুযোগ আবারও তৈরি হয়েছে। পাশাপাশি বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে প্রতিযোগিতা বাড়ায় টিকিটের মূল্যও কমে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রবাসীদের প্রত্যাশা, বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়মিত ও নির্বিঘ্নভাবে পরিচালিত হলে কুয়েত–বাংলাদেশ রুটে বিমান ভাড়া আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে। একই সঙ্গে যাত্রীদের ভোগান্তিও অনেকটা কমবে।
উল্লেখ্য, দীর্ঘদিন বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় কুয়েত থেকে বাংলাদেশে আসা-যাওয়া করা অনেক যাত্রীকে বাড়তি ভাড়া দিয়ে অন্যান্য এয়ারলাইন্সের ওপর নির্ভর করতে হয়েছে। বিশেষ করে ছুটির মৌসুম ও জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের জন্য টিকিটের উচ্চমূল্য ছিল বড় ভোগান্তির কারণ। প্রায় ছয় মাস পর কুয়েত থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় প্রবাসীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো।
-স্বাধীন/এমএ
কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট ফের চালু, কমেছে টিকিটের দাম

