এসএসসি পরীক্ষা পেছানোর কারণ জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশঃ Aug 31, 2026 - 17:23
এসএসসি পরীক্ষা পেছানোর কারণ জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রস্তুতি রিভিউয়ের জন্য পর্যাপ্ত সময় দিতে রমজানের পর এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ সরকার দেখছে না।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।

এসএসসি পরীক্ষার সময়সূচি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে সামগ্রিক বিষয় বিবেচনা করা হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে তা প্রায় এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত রমজান চলবে। এ কারণে ওই সময়ের মধ্যে পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।

তিনি বলেন, এসএসসি পরীক্ষাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসা সরকারের অন্যতম লক্ষ্য। বর্তমানে সাধারণত বর্ষা বা বৃষ্টির মৌসুমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভবিষ্যতে পরীক্ষাটিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময়ে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের বিষয়টিও দেশের শিক্ষাব্যবস্থার সময়সূচির সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। সবদিক বিবেচনায় ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হচ্ছে। তবে এবার রমজানের কারণে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের অনুরোধে এসএসসি পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস ও সিলেবাস শেষ হলেও নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা রিভিউ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছিল না। অথচ এই রিভিউ শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জানুয়ারিতে পরীক্ষা নিলে নবম শ্রেণির শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় নিয়ে পড়াশোনা রিভিউ করতে পারবে না। আবার রমজানের পর পরীক্ষা নিলে তা কিছুটা বিলম্বিত হবে। তবে রমজান একটি বাস্তবতা হওয়ায় পরীক্ষার সময়সূচি নির্ধারণে বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু রমজানের কারণে এবার সেটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, সরকার কোনোভাবেই শিক্ষার্থীদের ক্ষতির মুখে ফেলতে চায় না। তাদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতে হবে, বিশেষ করে পড়াশোনা রিভিউয়ের জন্য প্রয়োজনীয় সময় নিশ্চিত করা জরুরি। তাই সবকিছু বিবেচনা করে এসএসসি পরীক্ষা রমজানের পরেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

-স্বাধীন/এমএ

এসএসসি পরীক্ষা পেছানোর কারণ জানালেন শিক্ষামন্ত্রী
লোগো
Aug 31, 2026

এসএসসি পরীক্ষা পেছানোর কারণ জানালেন শিক্ষামন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta