হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ ছাড়া ৬৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। ফলে এ বছর এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে।
অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন। এর মধ্যে ১৯ হাজার ৪৪৭ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ শিশু।
-স্বাধীন/এমএ
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

