ধর্মঘট প্রত্যাহার, শনিবার থেকে চালু হচ্ছে হিলি বন্দরের কার্যক্রম

প্রকাশঃ Sep 4, 2026 - 16:35
ধর্মঘট প্রত্যাহার, শনিবার থেকে চালু হচ্ছে হিলি বন্দরের কার্যক্রম

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে। ব্যবসায়িক বিভিন্ন জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে বন্ধ থাকা বাণিজ্যিক কার্যক্রম আগামীকাল শনিবার থেকে স্বাভাবিক হবে।

ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সংগঠনটির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শুক্রবার বাংলাদেশি ব্যবসায়ীদের এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ব্যবসা-সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা এবং সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর আগামী ৫ সেপ্টেম্বর শনিবার থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্মঘটের কারণে পাঁচ দিন ধরে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায় বন্দরের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। এতে আমদানিকারক-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, পরিবহন শ্রমিকসহ বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল বলেন, প্রশাসনের সঙ্গে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।’

এদিকে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল জানান, ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত তথ্য পৌঁছেনি।

টানা পাঁচ দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকায় হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। আমদানি-রপ্তানি পুনরায় চালু হলে সেই উদ্বেগ অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরবে এবং স্বাভাবিক ধারায় ফিরবে বাংলাদেশ-ভারতের সীমান্ত বাণিজ্য।

-স্বাধীন/এমএ

ধর্মঘট প্রত্যাহার, শনিবার থেকে চালু হচ্ছে হিলি বন্দরের কার্যক্রম
লোগো
Sep 4, 2026

ধর্মঘট প্রত্যাহার, শনিবার থেকে চালু হচ্ছে হিলি বন্দরের কার্যক্রম

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta