ডাকাতির প্রস্তুতিকালে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৬

প্রকাশঃ Sep 14, 2026 - 21:03
ডাকাতির প্রস্তুতিকালে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৬

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র কারবার, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়াপাড়া ও খালকাচাপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমিউদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), মো. সাগর রানা ওরফে শুটার সাগর (২০), জহুরা বেগম (৪৫) ও শহর বানু (৫৫)।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলার লাল ব্রিজ এলাকায় টহলরত পুলিশের কাছে খবর আসে, বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়াপাড়ার একটি বসতবাড়িতে একদল ডাকাত সশস্ত্র ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছে।

পরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
এলাকাটি দুর্গম হওয়ায় গাড়ি রেখে পুলিশ সদস্যরা প্রায় দুই কিলোমিটার হেঁটে ওই বাড়ি ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পরে ওই বাড়ি থেকে দেশে তৈরি একটি দুইনলা রাইফেল, একটি একনলা রাইফেল ও একটি শর্টগান, ৫৮ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, দুটি তাজা শর্টগানের কার্তুজ, দুটি কার্তুজের খোসা, একটি ক্লিনিং রড, অস্ত্র ও গোলাবারুদ তৈরির সরঞ্জাম এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালকাচাপাড়ায় শহর বানুর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় শহর বানু পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পেছনের পুকুরে তল্লাশি চালিয়ে একটি সাদা চটের বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতর থেকে ৭৬৭ রাউন্ড রাইফেলের গুলি পাওয়া যায়।

চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র ও গোলাবারুদ তৈরি, বেচাকেনা এবং অস্ত্র ভাড়া দেওয়াসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।


তারা চকরিয়াসহ আশপাশের বিভিন্ন উপজেলায় সড়ক ও আন্তঃজেলা ডাকাতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রের কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
তিনি আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক মামলা করা হয়েছে।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল আজিজ বলেন, ‘শক্তিশালী এই সিন্ডিকেটের সঙ্গে আরো যারা জড়িত রয়েছেন, তাদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

-স্বাধীন/এস

ডাকাতির প্রস্তুতিকালে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৬
লোগো
Sep 14, 2026

ডাকাতির প্রস্তুতিকালে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৬

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta