কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রকাশঃ Sep 15, 2026 - 20:31
কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফরহাদ রাজধানীর রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে আরশিনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাকিব জানান, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। দুপুরে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকার একটি সেলুনের সামনে চুল কাটাতে যান তিনি। সেখানে পূর্ব শত্রুতার জেরে সাব্বিরের নেতৃত্বে কালা সোহেল, সাগর, হাবিব ও আরমানসহ কয়েকজন তার ওপর হামলা চালায়।

সাকিবের দাবি, হামলাকারীরা ফরহাদকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও তার বন্ধুরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বসবাস করতেন। ছয় ভাই-বোনের মধ্যে ফরহাদ ছিলেন একজন। প্রায় চার বছর আগে বিয়ে করলেও তার কোনো সন্তান ছিল না।

মোহাম্মদপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, রায়েরবাজার এলাকায় ‘আরমান শাহরুখ গ্রুপ’ ও ‘পাটালি গ্রুপের’ মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে রায়েরবাজার এলাকায় পাটালি গ্রুপের সদস্যরা শাহরুখকে কুপিয়ে আহত করে। পরে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে গেলে সেখান থেকে শাহরুখকে গ্রেফতার করে র‍্যাব।

পুলিশের তথ্য অনুযায়ী, রায়েরবাজার এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করেও দুই গ্রুপের মধ্যে বিরোধ ছিল। নিহত ফরহাদ হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিনে বের হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

-স্বাধীন/এমএ

কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা
লোগো
Sep 15, 2026

কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta