সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী
সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র টিকে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিশেষ করে ক্রাইম বিটে কর্মরত সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এবং দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তাদের বড় মূল্য দিতে হয় বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, দেশে সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার মতো কার্যকর ব্যবস্থা এখনো পর্যাপ্তভাবে গড়ে ওঠেনি।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, দায়িত্ব নেওয়ার পর মাত্র ২০ দিন হয়েছে তাঁর। একটি নির্দিষ্ট ব্যবস্থার মধ্যেই কাজ করতে হয়, ফলে কতটা করতে পারবেন বা পারবেন না তা সময়ই বলে দেবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আই অ্যাম ভেরি ইজিলি অ্যাক্সেসেবল।’ প্রয়োজন হলে তারা যেন সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং নিজেদের সমস্যার কথা জানান।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে তিনি অবগত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি বিভাগকে নিজের পরিবারের মতো উল্লেখ করে প্রতিটি বিভাগের প্রতি তাঁর দায়িত্ব রয়েছে বলেও জানান তিনি।
গত ১৭ বছরে একটি ব্যবস্থা ‘করাপ্টেড’ হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সেটিকে পুনর্গঠন করা বড় চ্যালেঞ্জ। তাঁর ভাষায়, খালি জায়গায় নতুন ভবন নির্মাণ তুলনামূলক সহজ হলেও পুরোনো ও জরাজীর্ণ ভবন সংস্কার করে নতুন করে গড়ে তোলা অনেক বেশি কঠিন।
সাংবাদিকদের প্রয়োজন হলে যেকোনো সময় তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, যখন যে বিষয়ে প্রয়োজন হবে, তখনই যেন তারা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। সবাই মিলে সমস্যাগুলোর সমাধানে কাজ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ইনশা আল্লাহ আমরা সবাই মিলে সেই সমস্যার সমাধান করব এবং আমরা আপনাদের সঙ্গে আছি।’
-স্বাধীন/এমএ
সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

