ডপলার রিসার্চের জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

প্রকাশঃ Aug 19, 2026 - 19:15
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ
ছবি: সংগৃহীত

দেশের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট বলে জাতীয় জনমত জরিপে উঠে এসেছে। ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড পরিচালিত জরিপে অংশ নেওয়া ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন।

বেসরকারি প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিংয়ের অর্থায়ন ও সহায়তায় পরিচালিত এ জরিপের ফলাফল বুধবার (১৯ আগস্ট) প্রকাশ করা হয়।

জরিপে প্রধানমন্ত্রীর প্রতি তুলনামূলক বেশি সমর্থন পাওয়া গেলেও সরকারের কর্মকাণ্ড এবং দেশ কোন পথে এগোচ্ছে এ দুই বিষয়ে সন্তুষ্টির হার কম। জরিপে অংশ নেওয়া মানুষের মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আশাবাদ থাকলেও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি ৬৬.৩ শতাংশ

জরিপে অংশ নেওয়া ৬৬ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক বলেছেন, প্রধানমন্ত্রী তার দায়িত্ব ভালোভাবে পালন করছেন। বিপরীতে ২১ দশমিক ৬ শতাংশ বলেছেন, তিনি ভালো করছেন না। আর ১২ দশমিক ১ শতাংশ কোনো মতামত দেননি বা উত্তর দিতে চাননি।

বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয়ভেদে প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টির হার ৬১ দশমিক ৭ থেকে ৭০ দশমিক ৩ শতাংশের মধ্যে রয়েছে। দেশের আটটি বিভাগেই এই হার ৬২ দশমিক ৩ শতাংশ বা তার বেশি।

বিভিন্ন দলের সমর্থকদের মধ্যেও প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টির চিত্র পাওয়া গেছে। জামায়াতে ইসলামীর সমর্থকদের ৬৫ দশমিক ৫ শতাংশ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের ৬৫ দশমিক ৮ শতাংশ এবং আওয়ামী লীগের সমর্থকদের ৫২ দশমিক ৫ শতাংশ প্রধানমন্ত্রীকে নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

সরকারের কাজে সন্তুষ্ট ৫৪.৫ শতাংশ

সরকারের কাজকে ভালো বলেছেন ৫৪ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। বিপরীতে ৩২ দশমিক ৯ শতাংশ বলেছেন, সরকারের কাজ খারাপ।

জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টির হার সরকারের কাজের সন্তুষ্টির তুলনায় বেশি। আবার সরকারের কাজের মূল্যায়নের চেয়ে দেশ কোন পথে চলছে এ বিষয়ে মানুষের সন্তুষ্টি আরও কম।

দেশ সঠিক পথে, মনে করেন ৪৮.৬ শতাংশ

জরিপে ৪৮ দশমিক ৬ শতাংশ মানুষ মনে করেন, দেশ সঠিক পথে চলছে। অন্যদিকে ৩৫ দশমিক ৬ শতাংশ মনে করেন, দেশ ভুল পথে এগোচ্ছে। ১৫ দশমিক ৮ শতাংশ কোনো উত্তর দেননি।

বিএনপির সমর্থকদের ৬৫ দশমিক ৫ শতাংশ মনে করেন, দেশ সঠিক পথে আছে। আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে এ হার ৩৪ দশমিক ৪ শতাংশ।

বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্য বড় উদ্বেগ

দেশের সবচেয়ে বড় সমস্যা জানতে চাইলে ৫৯ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা বিদ্যুৎ ও জ্বালানি এবং ৫৯ দশমিক ১ শতাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামকে উল্লেখ করেছেন।

এরপর আইনশৃঙ্খলাকে ৩২ দশমিক ৬ শতাংশ এবং কর্মসংস্থানকে ৩০ দশমিক ৮ শতাংশ মানুষ বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন।

বিদ্যুৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে ৮৯ দশমিক ৪ শতাংশ, জ্বালানি ও গ্যাসের ক্ষেত্রে ৭৯ দশমিক ৬ শতাংশ এবং নিত্যপণ্যের মূল্যের ক্ষেত্রে ৬৯ দশমিক ১ শতাংশ উত্তরদাতা সরকারের কাজকে খারাপ বলে মূল্যায়ন করেছেন।

পরিবারের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ

জরিপে ৪৬ দশমিক ৫ শতাংশ বলেছেন, এক বছর আগের তুলনায় তাদের পরিবারের অবস্থা খারাপ হয়েছে। বিপরীতে ১৭ দশমিক ৫ শতাংশ বলেছেন, পরিস্থিতির উন্নতি হয়েছে।

আগামী ১২ মাসে পরিবারের অবস্থা ভালো হবে বলে আশা করছেন ৩৮ দশমিক ১ শতাংশ। আর ২৪ দশমিক ৩ শতাংশ মনে করেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

দেশের ভবিষ্যৎ নিয়েও ৪৮ দশমিক ৪ শতাংশ মানুষ এক বছর আগের তুলনায় বেশি আশাবাদী। ৩৯ শতাংশ কম আশাবাদী এবং ৬ দশমিক ২ শতাংশ বলেছেন, পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি।

ফ্যামিলি কার্ড ও গণভোটের রায়ের প্রতি সমর্থন

জরিপে ফ্যামিলি কার্ডের প্রতি ৭৮ দশমিক ৬ শতাংশ মানুষের সমর্থন পাওয়া গেছে। করনীতিকে সমর্থন করেছেন ৭০ দশমিক ৭ শতাংশ এবং সরকারের গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন ৭০ শতাংশ উত্তরদাতা।

বিরোধী নেতাদের নিয়েও মতামত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের কর্মকাণ্ডকে ভালো বলেছেন ৪৭ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাতা আহ্বায়কের কাজকে ভালো বলেছেন ৩৯ দশমিক ৮ শতাংশ।

নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তাবোধে পার্থক্য

নিজ এলাকায় সন্ধ্যার পর একা হাঁটতে নিরাপদ বোধ করেন ৬৪ দশমিক ৩ শতাংশ নারী। পুরুষদের ক্ষেত্রে এ হার ৭০ দশমিক ৯ শতাংশ।

প্রকাশ্যে ধর্ম পালন করতে নিরাপদ বোধ করেন ৯৫ দশমিক ২ শতাংশ উত্তরদাতা। মুসলিমদের মধ্যে এ হার ৯৭ দশমিক ১ শতাংশ হলেও হিন্দু উত্তরদাতাদের ক্ষেত্রে তা ৮২ শতাংশ।

জরিপের মাঠপর্যায়ের কাজ চলতি আগস্টে পরিচালিত হয়। সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রাপ্তবয়স্কদের একটি প্যানেল ব্যবহার করা হয় এবং জরিপকালে মোট ১০ হাজার ৪১৩টি কল করা হয়। ডপলার রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ প্রতিবেদনে সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে জনমতের এই চিত্র তুলে ধরা হয়েছে।

-স্বাধীন/ এমএ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ
লোগো
Aug 19, 2026

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta