নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজ, অংশ নিল ২২ নৌকা

প্রকাশঃ Sep 17, 2026 - 11:37
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজ, অংশ নিল ২২ নৌকা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে ঘিরে খাই হাওড় এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই হাওড়ের চারপাশে জড়ো হন হাজারো দর্শনার্থী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাই হাওড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, স্থানীয়সহ বিভিন্ন জেলা থেকে আসা মোট ২২টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। তিনটি ধাপে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ।

ঢাক-ঢোল ও কাঁসরের বাদ্য, বৈঠার তালে মাঝিদের হাঁক-ডাক এবং দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো হাওড়জুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। দূর-দূরান্ত থেকে আসা হাজারো মানুষের উপস্থিতিতে নৌকা বাইচ পরিণত হয় মিলনমেলায়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথপুরের ‘জাকির তরি’। রানার্সআপ হয়েছে ‘স্বপ্নের তরি-১’ এবং তৃতীয় স্থান অর্জন করেছে ‘রঙ্গিন পবন’।

দর্শনার্থীরা বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের বিনোদনের জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তারা প্রতি বছর এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

শান্তিগঞ্জের পূর্ববীরগাঁও গ্রামের বাসিন্দা দোলন মিয়া বলেন, “এই নৌকা বাইচ আমাদের পূর্বপুরুষের আমল থেকে হয়ে আসছে। আমরা চাই প্রতিবছরই এ ধরনের আয়োজন হোক।”

শান্তিগঞ্জ উপজেলার সলফ গ্রামের বাসিন্দা ফরিদ আহমেদ বলেন, “সকাল থেকে রোদের মধ্যে এসে খেলা উপভোগ করেছি। হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন।”

নৌকা বাইচের আয়োজক আবুল হোসেন বলেন, “মানুষকে আনন্দ ও বিনোদন দিতেই এই আয়োজন করেছি। এবারের প্রতিযোগিতায় ২২টি নৌকা অংশগ্রহণ করেছে।”

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, “খুবই সুন্দর একটি আয়োজন ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

-স্বাধীন/এস

নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজ, অংশ নিল ২২ নৌকা
লোগো
Sep 17, 2026

নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজ, অংশ নিল ২২ নৌকা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta